কবিতা-শাব্বীর আহমাদ

" তোমাকে ছাড়া আমি কেমন আছি ? "

শাব্বীর আহমাদ


" - তারপর অনেকদিন হল , কেমন আছ তুমি ?
*
ভালোই । তুমি কেমন আছ ?
-
তুমি ছাড়া যেমন থাকি ।
*
কেমন থাক ?
-
ভালো না ।
*
তাহলে ? খারাপ ?
-
হয়তোবা ।

*
আমি থাকতেও তো কখনও ভালো ছিলেনা ।
ভালো ভাবে কথাও বলনি ।
আমার থাকা না থাকাতে তোমার কি আসে যায় ?

-
কি জানি ! কি আসে যায় জানিনা ।
শুধু জানি আগে আমার রাতে ঘুম ভাঙত না ।

এখন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় ।
চেয়ে দেখি তুমি পাশে নেই ।
আমার কাছে চারপাশটা বিশাল 
এক মরুভূমির মত লাগে ।
বিছানার চাদর গরম বালির মত হয়ে যায় ।
বুক ছটফট করে ।
ঘামে সারা দেহ ভিজে যায় ।
অনেক দূরে কোঁকড়াচুলো বিষন্ন এক
বালিকাকে দেখতে পাই ।
আমার ভারী পিপাসা লাগে ।
আমি পাগলের মত ছুটতে থাকি ...
খুব কাছে গেলে পড়ে হঠাৎ চোখ অন্ধকার
হয়ে আসে ...
আমার খুব অসহায় লাগে ।
খুব অসহায় লাগে ।
দূর থেকে আবছা আবছা শুনতে পাই
মুয়াজ্জিনের আহবান ...
ধীরে ধীরে কেটে যায় ঘোর ।
পাশে চেয়ে দেখি তুমি নাই ।
বুকের ভেতর হঠাৎ কে যেন
ডুকরে কেঁদে উঠে ।
আমার তখন খুব একা লাগে....
খুব একা লাগে ।

এখন বল আমি কেমন আছি ? "

1 টি মন্তব্য: